ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুর জেলা পরিষদ প্রশাসককে আ. লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কারের দাবি

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টারকে স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন দলটির নেতা কর্মীরা।


শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও গণভোজ অনুষ্ঠানে এ দাবী জানান দলটির সিনিয়র নেতারা।


সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে যারা বাধার সৃষ্টি করতে পারে তারা আওয়ামী লীগের নেতা হতে পারে না। এই মাঠে গতকাল যে ঘটনা ঘটছে তা কোনো বিবেকবান মানুষ করতে পারে না।


বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির গায়ে হাত তোলা মানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের গায়ে হাত তোলা, শেখ হাসিনার গায়ে হাত তোলা, কেননা তারা সবাই শেখ হাসিনার প্রতিনিধি।


ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।


অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান প্রমুখ।


প্রসঙ্গত, শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজনকালে বৃহস্পতিবার বাধা দিয়েছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা শামসুল হক ভোলা। এক পর্যায়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুলকে চড়-থাপ্পড় ও ঘুসি মারেন। এছাড়াও তিনি এ উপলক্ষে নির্মিত মঞ্চ তৈরিতেও বাঁধা প্রদান করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑